শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

জোবায়দা ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত

জোবায়দা ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যরা এবার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পৌঁছে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এবার থেকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমান ইটিআই ভবনে পৌঁছান। এরপর ১২টা ২৬ মিনিটে তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাইসহ ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হয়। নিবন্ধন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাইমা রহমান নির্বাচন কমিশন প্রাঙ্গণ ত্যাগ করেন।

সরেজমিনে দেখা গেছে, এ সময় নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসি প্রাঙ্গণে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয় ব্যারিকেড এবং আশপাশের এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়।

নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকসহ সাধারণ কাউকে নির্বাচন কমিশন ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সংবাদকর্মীদের ইসি চত্বরের বাইরে অবস্থান করতে দেখা যায়। পুরো নির্বাচন কমিশন ভবনকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণ নাগরিকদের মতোই প্রচলিত নিয়ম অনুসরণ করেই ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা আইন অনুযায়ী তাদের নাম অন্তর্ভুক্তিতে কোনো ধরনের আইনি জটিলতা ছিল না।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ও তার পরিবার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন