কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর ত্যাগের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে সংবর্ধনা জানান। তৎপরস্থিত নেতাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ বাসে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত, অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বাসটিতে বাংলাদেশের পতাকা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি স্থান পেয়েছে। এছাড়া “সবার আগে বাংলাদেশ” লেখা রয়েছে। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
এসময় বিমানবন্দর ও সড়কে বহু নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থেকে তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। সড়কের দু’পাশে তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা যায়।