বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কোরিয়া থেকে এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত সরকারের লক্ষ্য

কোরিয়া থেকে এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত সরকারের লক্ষ্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ৪২০ কোটি ৯ লাখ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা–২০২৫ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে কোরিয়ার প্রতিষ্ঠান এমএস পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এই এলএনজি কেনা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ৯ থেকে ১০ জানুয়ারির মধ্যে সরবরাহযোগ্য দ্বিতীয় কার্গো হিসেবে এই এলএনজি দেশে আসবে। এতে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম নির্ধারিত হয়েছে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। সব মিলিয়ে এই এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার ২২৫ টাকা ৬০ পয়সা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতেই ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত অনুমোদন করে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিনের বৈঠকে এলএনজির পাশাপাশি চাল ও সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়, যা সরকারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার চলমান উদ্যোগের অংশ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন