বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বৃদ্ধি

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বৃদ্ধি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে। কিডনির সমস্যা শরীরের স্বাভাবিক কাজ ব্যাহত করতে পারে এবং জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে। সম্প্রতি গবেষকরা জানাচ্ছেন, সাধারণ সর্দি-কাশির মতো অসুখে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবন কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিক শুধু ক্ষতিকর জীবাণুই নষ্ট করে না—এটি শরীরের উপকারী বা বন্ধু ব্যাকটেরিয়াকেও কমিয়ে দেয়। এই ব্যাকটেরিয়াগুলোই স্বাভাবিকভাবে কিডনিতে অক্সালেট জাতীয় পাথরের জমা রোধ করে। ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেলে অক্সালেট পাথরের ঝুঁকি বেড়ে যায়। কিডনিতে দেখা পাথরের প্রায় ৬০ শতাংশই অক্সালেট জাতীয়।

গবেষণাটি মাইক্রোবায়োম জার্নালে প্রকাশিত হয়েছে। কানাডার লসন হেলথ রিসার্চ ইনস্টিটিউট ও ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যৌথ গবেষণায় ১১৩ জনের শরীর বিশ্লেষণ করা হয়। এদের মধ্যে ৮৩ জনের কিডনিতে পাথর ছিল, বাকি ৩০ জন সম্পূর্ণ সুস্থ ছিলেন। তিন মাসের মধ্যে কেউই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেননি।

গবেষকরা দেখেছেন, যাদের কিডনিতে পাথর ছিল, তাদের মুখ, খাদ্যনালি ও মূত্রনালিতে উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি কম। বিশেষ করে ‘অক্সালোব্যাকটর’ নামের ব্যাকটেরিয়া উপস্থিতি প্রায় অনুপস্থিত ছিল। ব্যাকটেরিয়ার এই ঘাটতি শরীরে ভিটামিন ও মেটাবোলাইট তৈরি কমিয়ে দেয়, যা কিডনিতে পাথর জমার সম্ভাবনা বাড়ায়।

গবেষকরা সতর্ক করেছেন, অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ কিডনিতে পাথর প্রতিরোধে সহায়ক হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন