সহমর্মিতায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক বিভিন্ন জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশি-বিদেশি সবার কাছ থেকে যেভাবে সহযোগিতা এবং শুভকামনা পাওয়া যাচ্ছে, তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) এক বার্তায় তারেক রহমান বলেন, "অত্যন্ত সংকটময় মুহূর্তে দেশবাসী, বিভিন্ন রাজনৈতিক দল, আন্তর্জাতিক মহল এবং শুভাকাঙ্ক্ষীরা আমার মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে উদ্বেগ ও সংহতি প্রকাশ করেছেন, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ।"
তিনি আরও জানান, সবার এই ভালোবাসা ও সমর্থন তাদের সাহস জোগাচ্ছে। তিনি দেশবাসীর কাছে তার মায়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন।
বর্তমানে খালেদা জিয়া হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ ধন্যবাদ জানানো হয়।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিকরা ও বন্ধুদের উদ্বেগ-উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’

‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।’
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়।