রামপাল পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড

বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে একটি উল্লেখযোগ্য জাতীয় মাইলফলক অর্জন করেছে। এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতে একটি নতুন রেকর্ড।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) এই বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের ইতিহাসে যেকোনো একক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে মাসিক সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।
এই অর্জনের ফলে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটি দেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মকর্তারা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
আজ সোমবার বিআইএফপিসিএল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী এমএসটিপিপি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫০ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে, যার ফলে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে এর অবস্থান আরো শক্তিশালী হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই মাইলফলক প্ল্যান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনাও প্রতিফলিত করে। এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিটেরও বেশি বা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে এবং নভেম্বরের অর্জন দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। অটল কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে এমএসটিপিপি দেশজুড়ে শিল্প, গৃহস্থালি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার মজবুত ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।