নির্বাচন সামনে রেখে এনসিপিসহ চার দলের জোট গঠনের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টিসহ চারটি ভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে দেশে একটি নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। এই জোটটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আগামীকাল, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে জোটের নাম ও লক্ষ্য ঘোষণা করা হবে।
নতুন এই জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে চারটি শরিক দলের প্রধানসহ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট গঠন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।
জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।
অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এখনো হয়নি। তবে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্রে জানা গেছে, মঞ্চের ৬টি দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয়। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি এখনো ইতিবাচক সাড়া দেয়নি। ফলে দলটির শীর্ষ নেতা মনক্ষুণ্ণ হয়ে জোট ছাড়েন।
গণতন্ত্র মঞ্চ ছাড়ার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই। নতুন জোট করতে যাচ্ছি।
সূত্রমতে, চার দলের সমন্বয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে নতুন জোট আত্মপ্রকাশ করবে। সেই জোটের রূপরেখার তিনটি কাঠামো ঠিক করা হয়েছে। এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ হতে পারে। দল চারটি হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাতে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে একটি বৈঠক চলছে। বৈঠকে আগামীকালের জোট গঠনের বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে। জোটের নাম, রূপরেখা ও এনসিপির অবস্থান নিয়ে আলোচনা চলছে।