হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়কে মাইলফলক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর এ কথা বলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও, এটি ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারার উদাহরণ হবে।”
এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রায় নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইলফলক। অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার জন্য উদাহরণ হবে এ রায়।
তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।