ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত করে সুস্থ যুবসমাজ গড়ে তুলব: আমিনুল হক

গত ১৭ বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, ঠিক তেমনি দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে। গত ১৭ বছর ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা সেই দলীয়করণ থেকে মুক্ত হয়ে আগামীর ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার গজনবী স্টেডিয়ামে ভোলা সোনালী অতীত ক্লাব বনাম মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। গত ১৭ বছর মাদকের করালগ্রাসে আক্রান্ত হওয়া যুবসমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকেই ফুটবল ও ক্রিকেটসহ খেলাধুলার পাঁচটি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারব।একই সঙ্গে ভালো খেলোয়াড় তৈরি হবে।
তিনি আরো বলেন, খেলাধুলার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই। এ পরিবর্তনের মাধ্যমে আমাদের তরুণ ও যুবসমাজের যে চিন্তাধারা রয়েছে তার আলোকে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে খেলাধুলার মাধ্যমে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই।
খেলায় মিরপুর সোনালী অতীত ক্লাব ৪-২ গোলে ভোলা সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, মো. তরিকুল ইসলাম কায়েদ,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন,বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাস, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ প্রমুখ।