মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মহিমাগঞ্জ চিনিকল: অতীতের গৌরব, বর্তমানের অবহেলা ও ভবিষ্যতের প্রত্যাশা

মহিমাগঞ্জ চিনিকল: অতীতের গৌরব, বর্তমানের অবহেলা ও ভবিষ্যতের প্রত্যাশা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের উত্তরাঞ্চল একসময় শিল্পোন্নয়নের এক গৌরবময় প্রতীক হিসেবে পরিচিত ছিল মহিমাগঞ্জ চিনিকল। এটি শুধু একটি চিনিকল ছিল না; বরং হাজার হাজার কৃষক, শ্রমিক ও স্থানীয় জনগণের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা এক বিশাল প্রতিষ্ঠান। 

রাষ্ট্রায়ত্ত শিল্পের সোনালি যুগের সাক্ষী এই মিল আজ ইতিহাসের অংশ হয়ে যাওয়ার পথে। আখচাষ ও চিনি উৎপাদনের সাথে সাথে এটি উত্তরবঙ্গের অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক অবকাঠামো এবং সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু ছিল। 

অথচ বর্তমানে মিলটি পরিত্যক্ত, কর্মহীন এবং অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রশ্ন উঠছে কেন এমন হলো, আবার কিভাবে পুনর্জীবিত করা সম্ভব?  গৌরবের ইতিহাস : মহিমাগঞ্জ চিনিকল প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে, পশ্চিম জার্মান প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে। ১৯৫৭-৫৮ মৌসুমে প্রথম উৎপাদন শুরু হয়। প্রতিদিন প্রায় ১,৫০০ মেট্রিক টন আখ প্রক্রিয়াকরণের সক্ষমতা নিয়ে এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ইঞ্জিনে পরিণত হয়। 

পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী দশকগুলোতে মহিমাগঞ্জ চিনিকল শুধু চিনি উৎপাদন করেনি, বরং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছিল।  

মিলটির কর্মপরিসর ছিল ব্যাপক। কয়েক হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক এখানে কাজ করতেন। আখচাষি কৃষকরা তাদের ফসলের নিশ্চয় বাজার পেতেন, ফলে আখ ছিল লাভজনক ফসল। শুধু অর্থনৈতিক দিক নয়শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নেও মিলটি বড় ভূমিকা রাখে। শ্রমিক কলোনি, স্কুল, হাসপাতাল, বাজার, সড়কসবই এ মিলকে ঘিরে গড়ে ওঠে। 

স্থানীয় মানুষের জীবনযাত্রায় আসে বৈপ্লবিক পরিবর্তন। পতনের সূচনা : কালের পরিক্রমায় মহিমাগঞ্জ চিনিকলের জৌলুস কমতে থাকে। প্রথমত, প্রযুক্তির আধুনিকায়ন হয়নি। ৫০-এর দশকের যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহারে অকেজো হয়ে পড়ে। দ্বিতীয়ত, ব্যবস্থাপনাগত অদক্ষতা ও দুর্নীতি মিলের ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়ায়। আখ সরবরাহে সংকট, বাজারে প্রতিযোগিতা, আর্থিক অনিয়ম সব মিলিয়ে মিলটি লোকসানের ভারে জর্জরিত হয়। ২০০৪ সালে মিলটি প্রথম বন্ধ হয়ে যায়। 

এরপর মাঝে মাঝে চালু হলেও স্থায়ী সমাধান আসেনি। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে দেশের আরও ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের সাথে মহিমাগঞ্জ চিনিকলও বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরিণতি : একটি রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রভাব কতটা গভীর হতে পারে, মহিমাগঞ্জ চিনিকল তার উদাহরণ। 

১. কৃষক ক্ষতিগ্রস্ত – আখচাষিরা দীর্ঘদিন ধরে আখকে নির্ভরযোগ্য ফসল হিসেবে দেখতেন। মিল বন্ধ হয়ে যাওয়ায় তাদের সেই নিশ্চয়তা ভেঙে যায়। অনেকেই বিকল্প ফসলের দিকে ঝুঁকেছেন, কিন্তু এতে তারা একই আর্থিক নিরাপত্তা পাননি। 
২. শ্রমিক বেকারত্ব – হাজারো শ্রমিক জীবিকা হারান। অনেকে বছর বছর বকেয়া মজুরি ও পেনশনের দাবিতে আন্দোলন করেছেন, কিন্তু তাতে তেমন ফল আসেনি। শ্রমিক পরিবারগুলো অর্থনৈতিক সংকটে ভেঙে পড়েছে। 
৩. সামাজিক অবকাঠামোর অবক্ষয় – শ্রমিক কলোনি, স্কুল, হাসপাতাল, বাজারÑসব ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেছে। যেখানে একসময় প্রাণবন্ত জনজীবন ছিল, এখন সেখানে নীরবতা ও হতাশা। 
৪. আদিবাসী অধিকার সংকট – প্রায় ১,৮৪২ একর জমির ওপর মিলটি প্রতিষ্ঠিত হয়, যার অনেকটাই স্থানীয় আদিবাসীদের জমি ছিল। মিল বন্ধ হয়ে যাওয়ার পর জমির ব্যবহার ও মালিকানা নিয়ে নানা বিরোধ, দখল ও সংঘাত দেখা দিয়েছে। বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় জমি হারিয়ে আন্দোলনে নেমেছে।
৫. আঞ্চলিক অর্থনীতির পতন – স্থানীয় ক্ষুদ্র ব্যবসা, বাজার, পরিবহন, পেশাজীবীসবাই এই মিলের সাথে যুক্ত ছিল। মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের আয়ের উৎসও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের উদ্যোগ ও ঘোষণার সীমাবদ্ধতা : ২০২৪ সালের শেষদিকে সরকার ঘোষণা দেয় বন্ধ ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালু করা হবে। এতে আশার আলো জাগলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বাজেট বরাদ্দ, সময়সীমা, প্রযুক্তি আধুনিকায়ন বা শ্রমিকদের বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট পরিকল্পনা এখনও হয়নি। ফলে ঘোষণাটি এখনো কাগজেই সীমাবদ্ধ। 

ভবিষ্যতের প্রত্যাশা ও করণীয় : মহিমাগঞ্জ চিনিকলের পুনর্জাগরণ শুধু একটি মিল চালুর প্রশ্ন নয়; এটি উত্তরবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন। এজন্য করণীয় ১. আধুনিকায়ন – পুরনো যন্ত্রপাতি দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। উন্নত প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে হবে। 

২. বিকল্প পণ্য উৎপাদন – শুধু চিনি নয়, ইথানল, বিদ্যুৎ, জৈবসারসহ বহুমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে মুনাফা বাড়ানো যেতে পারে।

৩. শ্রমিক-কৃষকের অধিকার সুরক্ষা – বকেয়া পরিশোধ, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করতে হবে। ৪. জমি ইস্যু সমাধান – স্থানীয় আদিবাসী ও কৃষকদের জমি নিয়ে বিরোধ দ্রুত মীমাংসা করতে হবে। এতে সামাজিক স্থিতিশীলতা ফিরবে। 

৫. স্বচ্ছ ব্যবস্থাপনা – দুর্নীতি রোধে স্বাধীন নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত করে দক্ষ নেতৃত্ব দিয়ে মিল পরিচালনা করতে হবে। ৬. আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা – শুধু চিনিকল নয়, পুরো অঞ্চলের অর্থনীতিকে কেন্দ্র করে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। 

মহিমাগঞ্জ চিনিকলের ইতিহাস আমাদের সামনে এক বিশেষ বার্তা তুলে ধরেকোনো শিল্পপ্রতিষ্ঠান শুধু ইট-পাথরের দেয়াল আর যন্ত্রপাতির সমষ্টি নয়, এটি মানুষের জীবনযাত্রা, স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি। একসময় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র ছিল এই চিনিকল। শ্রমিকদের কোলাহল, চাষিদের আখবোঝাই গাড়ি, কারখানার ধোঁয়াসব মিলিয়ে ছিল এক জীবন্ত সমাজের প্রতিচ্ছবি। আজ সেই জায়গাটি নীরব, ভাঙাচোরা, জনশূন্য। এই দৃশ্য আমাদের কেবল অর্থনৈতিক নয়, নৈতিক প্রশ্নও জাগায়। কেন এমন হলো? কেন একটি সম্ভাবনাময় শিল্প ধ্বংসস্তূপে পরিণত হলো? এর উত্তর খুঁজতে গেলে আমরা পাই অব্যবস্থাপনা, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব। আর এই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে কৃষক ও শ্রমিকদের, যারা রাষ্ট্র ও সমাজের মূল চালিকাশক্তি।তবু আশার আলো নিভে যায়নি। কারণ শিল্প কখনো একেবারে মৃত হয় না; সঠিক নীতি, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় তা নতুন করে প্রাণ পেতে পারে। 

মহিমাগঞ্জ চিনিকল পুনরায় চালু হলে যে পরিবর্তন আসবে তা কেবল একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক ও জাতীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষকের জমি আবার আখের সবুজে ভরে উঠবে, শ্রমিকদের জীবনে ফিরবে নিশ্চয়তা, স্থানীয় অর্থনীতি আবার গতি পাবে। এখন প্রয়োজন বাস্তব উদ্যোগ। ঘোষণা দিয়ে দায়িত্ব শেষ হয় না। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। 

প্রথমত, স্পষ্ট সময়সীমা ও রোডম্যাপ ঘোষণা করতে হবেকখন, কীভাবে, কোন পর্যায়ে চিনিকল চালু হবে। 

দ্বিতীয়ত, আধুনিক প্রযুক্তি ছাড়া পুনর্জাগরণ সম্ভব নয়; তাই বিনিয়োগ ও প্রযুক্তিগত হালনাগাদ অপরিহার্য। তৃতীয়ত, কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জমি, বকেয়া, পুনর্বাসন সবকিছুতেই স্বচ্ছতা থাকতে হবে। মহিমাগঞ্জ চিনিকলকে ঘিরে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। শুধু চিনি উৎপাদন নয়, সহউৎপাদন হিসেবে বিদ্যুৎ, ইথানল, জৈবসার উৎপাদনের উদ্যোগ নেওয়া গেলে এটি বহুমুখী শিল্পকেন্দ্রে পরিণত হতে পারে। তখন শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও এটির অবদান হবে গুরুত্বপূর্ণ। তবে সবকিছুর আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। 

ইতিহাস বলে, রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্নীতির কারণে বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। মহিমাগঞ্জ যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি না হয়, সেজন্যই এখনই পদক্ষেপ নিতে হবে। এখানে ব্যর্থতা মানে শুধু একটি চিনিকলের মৃত্যু নয়, বরং রাষ্ট্রীয় শিল্পনীতির পরাজয়। আর সফলতা মানে হাজারো মানুষের জীবনে আলোর প্রত্যাবর্তন। একটি প্রতিষ্ঠান যখন ধ্বংসস্তূপে পড়ে থাকে, তখন তা কেবল অর্থনীতির ক্ষতি নয় সামাজিক স্মৃতিরও অপচয়। মহিমাগঞ্জ চিনিকলের মাঠে ঘুরে বেড়ানো বৃদ্ধ শ্রমিকদের চোখের জল, কৃষকদের হতাশ দৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় এটি একটি মানবিক সংকটও বটে। তাই এ সংকট সমাধান করতে হবে মানবিক দৃষ্টিকোণ থেকেও। এখন সময় এসেছে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন পথচলা শুরু করার। ঘোষণার কাগজে নয়, বাস্তব পদক্ষেপে উত্তরবঙ্গের মানুষকে বিশ্বাস করাতে হবে যে তারা ভুলে যাওয়া হয়নি। মহিমাগঞ্জ চিনিকল পুনর্জাগরণের মাধ্যমে সেই বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। 

আমাদের মনে রাখতে হবে শ্রমিকের ঘামে, কৃষকের মাটিতে, মানুষের আশায় নির্মিত প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা মানে কেবল অর্থনীতি নয়, আমাদের জাতীয় আত্মমর্যাদাও বাঁচিয়ে রাখা। মহিমাগঞ্জ চিনিকলকে তাই নতুন করে গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা। যদি এখনো উদ্যোগ না নেওয়া হয়, তবে মহিমাগঞ্জ হয়ে উঠবে এক নিস্তব্ধ স্মৃতিসৌধযা আমাদের অবহেলার সাক্ষ্য বহন করবে। 

কিন্তু যদি আজই পদক্ষেপ নেওয়া যায়, তবে একদিন এই মিল আবার গর্জে উঠবে, শ্রমিকদের মুখে ফিরবে হাসি, কৃষকের ঘরে ফিরবে সমৃদ্ধি। সুতরাং মহিমাগঞ্জ চিনিকল পুনর্জীবন কেবল একটি শিল্প পুনরুদ্ধারের দাবি নয়; এটি মানবিক ন্যায়বিচার, সামাজিক উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক পুনর্জাগরণের অপরিহার্য শর্ত। ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে; এখন প্রশ্ন হলো আমরা কি সেই সুযোগ কাজে লাগাতে পারব, নাকি অবহেলার দায় ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেব?
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ