ঘুরে আসুন কক্সবাজার, যে বিষয়গুলো মাথায় রাখবেন

সাগরের ঢেউ আর হাওয়ার দোলায় কক্সবাজারের সৌন্দর্য যেন প্রাণ পায় নতুন করে। সুবিস্তৃত বালুকাবেলা, সারি সারি ঝাউগাছ আর দিগন্তজোড়া নীল জলরাশি যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম। ভোরবেলা সূর্যোদয় কিংবা বিকেলে সূর্যাস্ত—প্রতিটি মুহূর্তই এখানে হয়ে ওঠে স্মরণীয়। কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতই নয়, এটি এক অমোঘ আকর্ষণ যেখানে প্রকৃতি, বিশ্রাম আর আবেগের একত্র মিলন ঘটে।
মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন, কক্সবাজারকে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে মাতা মুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়অ ও নাফ নদী। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে। সারি সারি ঝাউবন, নরম বালুর বিছানা আর সামনে বিস্তৃত নীল জলরাশি—এ যেন স্বর্গের মতোই এক জায়গা। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। এবার ঈদের ছুটিতে পরিকল্পনায় রাখুন এই স্বপ্নের শহরটিকে, আর ভ্রমণে বেরিয়ে পড়ুন একরাশ মুগ্ধতা নিয়ে ফিরতে।
কক্সবাজার ঘুরতে গেলে যে বিষয়গুলো মাথায় রাখবেন তা হল:
সমুদ্রে নামার আগে সতর্কতা ও অন্যান্য তথ্য: সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত ইয়াছির লাইফ গার্ডের বেশ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে বিচের বিভিন্ন স্থানে। জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ। এ সময় তাই জোয়ারের সময় নির্দেশিত থাকে, পাশাপাশি সবুজ পতাকা ওড়ানো হয়।
ভাটার সময়ে সমুদ্রে স্নান বিপজ্জনক ভাটার টানে মুহূর্তেই হারিয়ে যেতে পারে যে কেউ।তাই এ সময় বিচ এলাকায় ভাটার সময় লেখাসহ লাল পতাকা ওড়ানো থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। কোনোভাবেই দূরে যাবেন না। প্রয়োজেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ডের সহায়তা নিন। ওদের জানিয়ে বিচে নামুন।
কক্সবাজার যেতে চাইলে, শুধু কলাতলী, সুগন্ধা বা লাবণী সৈকতেই সীমাবদ্ধ থাকবেন না। বরং বেরিয়ে পড়ুন ভিন্ন স্বাদ পেতে। দেখে আসুন সমুদ্র-পাহাড়ের মিতালি, নির্জন সৈকতের নৈসর্গিক সৌন্দর্য কিংবা দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
- সমুদ্রের টানে
কক্সবাজারের মূল আকর্ষণ—সমুদ্র। সুগন্ধা, কলাতলী ও লাবণী পয়েন্টে সকাল-বিকেল সৈকতে হাঁটা, সূর্যাস্ত দেখা কিংবা নোনাজলের ছোঁয়ায় তৃপ্তি নেওয়া, সবই আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অভিজ্ঞতায়।
- জোয়ার-ভাটার সময় খেয়াল রাখুন
সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। ইয়াছির লাইফ গার্ডের সাইনবোর্ড ও পতাকার দিকে নজর দিন। সবুজ পতাকা থাকলে সমুদ্রে নামা নিরাপদ, আর লাল পতাকা থাকলে তা বিপজ্জনক সময় নির্দেশ করে—সেই সময় সমুদ্রে না নামাই ভালো।
শুধু শহরের মূল সৈকতে সময় না কাটিয়ে ঘুরে আসুন কিছু কম পরিচিত কিন্তু অপূর্ব জায়গায়—
- নাজিরারটেক
শান্তিপ্রিয় পর্যটকদের জন্য আদর্শ। শহর থেকে মাত্র ৩ কিমি দূরে অবস্থিত এই নির্জন সৈকতে রয়েছে প্রকৃতির নিবিড় ছোঁয়া। টমটম বা সিএনজিতে খরচ ২০০-২৫০ টাকা।
- মেরিন ড্রাইভ রোড
এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। পথে ঘুরে নিন দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী সৈকত। একদিনের সিএনজি ভাড়া আনুমানিক ১৫০০ টাকা।
- মহেশখালী
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। স্পিডবোটে মাত্র ১৫ মিনিটে পৌঁছে যাবেন। ঘুরে দেখতে পারেন আদিনাথ মন্দির, লবণের মাঠ, শুটিং ব্রিজ ও ম্যানগ্রোভ বন।
- রামু
ইতিহাসপ্রেমীদের জন্য রামু এক দুর্দান্ত গন্তব্য। ১০০ ফুট লম্বা বুদ্ধমূর্তি, রাংকোট বৌদ্ধবিহার ও কক্স সাহেবের বাংলো মিলিয়ে এক ঐতিহাসিক সফর হবে।
- হিমছড়ি ও ইনানী
সমুদ্র ও পাহাড়ের নিখুঁত সমন্বয়। পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা কিংবা ঝর্ণার স্বাদ নিতে হলে হিমছড়িতে যেতেই হবে। ইনানীর স্বচ্ছ জল ও প্রবাল পাথর দেখতেও ভুলবেন না।
- বিচ ফটোগ্রাফি ও স্পিডবোট মজা
বিচে লাল পোশাক পরা ফটোগ্রাফারদের থেকে ছবি তুলতে পারেন। দাম নির্ধারিত: প্রতি ৪R সাইজ ৩০ টাকা। স্পিডবোট রাইডের জন্য ১০০-২৫০ টাকা খরচ।
- যাতায়াত ও ভাড়া
ঢাকা থেকে সরাসরি বাসে কক্সবাজার যেতে পারেন। ভাড়া ৪০০-১২০০ টাকা পর্যন্ত। সোহাগ, গ্রীনলাইন, ঈগলসহ একাধিক পরিবহন চলে। চাইলে ট্রেনে চট্টগ্রাম হয়ে যাওয়া যায়।
- আবাসন: বাজেট ও বিলাস
২০০ টাকায় সাধারণ গেস্ট হাউজ থেকে শুরু করে ১০,০০০ টাকায় বিলাসবহুল রিসোর্টে থাকতে পারেন। কয়েকটি হোটেলের ভাড়া— সি গাল: ২,২০০-৭,০০০ টাকা, শৈবাল: ১,০০০-৩,০০০ টাকা,লাবণী: ৬০০-৩,০০০ টাকা,সি ক্রাউন: ২০০-৩,০০০ টাকা, জিয়া গেস্ট হল: ৩০০-২,০০০ টাকা।
- খাওয়া-দাওয়া
প্রায় প্রতিটি হোটেলের পাশে খাবারের হোটেল রয়েছে। চিংড়ি, রূপচাঁদা, শুটকি ভর্তা, ছুরি মাছসহ নানা রকম সাগরজাত খাবার পাওয়া যায়। দাম সাধ্যের মধ্যে, ১০-৫০০ টাকা।
উল্লেখ্য, কক্সবাজার শুধু সমুদ্রের নয়, পাহাড়, নদী ও ইতিহাসেরও শহর। ভিন্ন স্বাদের গন্তব্য খুঁজছেন? এক সফরেই পেয়ে যাবেন প্রকৃতি, রোমাঞ্চ আর ঐতিহ্যের অপূর্ব মিশেল। এই ঈদের ছুটিতে প্ল্যান করে ফেলুন, মনকে দিন একটু বিশ্রাম আর চোখে ভরান রঙিন স্মৃতি।