গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক সমস্যা সমাধানের উদ্ভাবনী ধারণা খুঁজতে আয়োজিত ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ শেষ করেছে গ্রামীণফোন। দেশজুড়ে ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৭ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। তাঁদের জমা দেওয়া ১ হাজার ১০৩টি ধারণার মধ্য থেকে সেরা তিনটি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। ২০২৫ সালের প্রথম আয়োজনের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে ৪০ শতাংশ।
প্রতিযোগিতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) এবং অন্যান্য বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাতটি ক্ষেত্রে এআইভিত্তিক সমাধান তৈরির আহ্বান জানানো হয়। বিষয়গুলোর মধ্যে ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানসিক সুস্থতা, কর্মসংস্থান, জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু, নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো বিচারক প্যানেলের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করে। উদ্ভাবনী বৈশিষ্ট্য, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব এবং এআইয়ের কার্যকর প্রয়োগের ভিত্তিতে প্রকল্পগুলো মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতায় ‘ইকোক্লিপ’ প্রকল্পের জন্য প্রথম হয়েছে টিম লাবডাব। এআই-চালিত ক্লিপ-অন ডিভাইসটি সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তের উপযোগী যন্ত্রে রূপান্তর করতে পারে।
নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার এআইভিত্তিক ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় হয়েছে টিম রিভার সেন্টিনেল। তাদের উদ্ভাবন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি বিপদাপন্ন মানুষকে আগাম সতর্কবার্তা দিতে পারে।
‘স্পষ্ট এআই’ প্রকল্পের জন্য তৃতীয় হয়েছে টিম জিনক্সড। এটি এআই-নির্ভর স্পিচ থেরাপি অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা বাড়িতে নির্দেশনা অনুযায়ী অনুশীলন করতে পারবেন এবং নিজেদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
বিজয়ী তিন দল যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার পেয়েছে। পাশাপাশি তারা গ্রামীণফোনের ‘নেক্সট বিজনেস লিডার’ ও ‘নেক্সটার্ন ইন্টার্নশিপ’ কর্মসূচিতে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, এআই বিশ্বজুড়ে শিল্প ও অর্থনীতিতে পরিবর্তন আনছে। এই পরিবর্তনে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা, প্রযুক্তি ও সুযোগ তৈরি করতে হবে। শুধু প্রযুক্তি শেখা নয়, বাস্তব সমস্যার সমাধানে তা ব্যবহারের ক্ষেত্রেও তরুণদের উৎসাহিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা তৈরি এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এআই ব্যবহার করে সামাজিক সমস্যা সমাধান এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তরুণদের উদ্যোগ উৎসাহব্যঞ্জক। দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের উন্নয়নে তরুণ উদ্ভাবকেরা অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও এআইভিত্তিক ধারণা প্রমাণ করে, মেধা কোনো ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভরশীল নয়। তরুণদের দক্ষতা বাড়ানো এবং তাঁদের ধারণাকে বাস্তব রূপ দিতে প্রয়োজনীয় সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করাই গ্রামীণফোনের লক্ষ্য।