অডিশন শুরু, নতুন আঙ্গিকে পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটির আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুম।
একসময় মীরের সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। টিআরপিতেও ছিল এর শক্ত অবস্থান। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে পরিচিতি পাওয়া অনেক কমেডি শিল্পী পরবর্তী সময়ে বিনোদন অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেন। তবে গত পাঁচ বছর নতুন কোনো মৌসুম নিয়ে পর্দায় আসেনি অনুষ্ঠানটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিরাক্কেল’-এর নতুন আয়োজনের একটি প্রচারঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। একই সঙ্গে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পর্দায় ফিরতে পারে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পুরোনো বিচারকদের মধ্যে পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও দেখতে চান অনেক দর্শক। আগের মৌসুমের কয়েকজন সদস্য ও মেন্টরেরও নতুন আয়োজনে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের মতে, বর্তমানে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু ও উপস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। এতে সৃজনশীল দলের ওপর বাড়তি চাপ তৈরি হলেও নতুন আয়োজন নিয়ে আশাবাদী তিনি। দীর্ঘ বিরতির পরও ‘মিরাক্কেল’ দর্শকদের ভালোবাসা পাবে বলে প্রত্যাশা পরিচালকের।