কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর পোস্টে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ও সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের হামলার অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁর অভিযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তালহা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িই যদি হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।