আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়িয়েছে সরকার

মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। একই সময়ে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়। এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়।
গত ১৩ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০ করা হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে ৫০ করা হয়। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
উপজেলা পর্যায়েও হাসপাতালের শয্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বাড়ানো হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া এবং ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বৃদ্ধি করা হয়েছে।
বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। এ ছাড়া তেজগাঁওয়ের জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১১৫টি শয্যা বাড়িয়ে মোট সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
দেশের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই পরিকল্পনা সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। সরকার জনগণকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হতে গিয়ে যাতে শয্যাসংকটে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
সূত্র: বাসস