বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা, বায়ুমান ১৭০

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭০। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য দেখা গেছে।
তালিকায় ৩২২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, শহরটির বায়ুমান সূচক ২৭৪। ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়।
সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের অর্থ বাতাসের মান অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুদূষণের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সূচক প্রকাশ করে।