বিয়ে করলেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনূর

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের মেয়ে মাহনূর সাফদার বিয়ে করেছেন শিল্পপতি জাব্বার খালিদের ছেলে আজান জাব্বারকে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) শরিফ পরিবারের জাতি উমরা এস্টেটে তাদের নিকাহ অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম *ডন*-এর *ইমেজেস* জানিয়েছে, ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শরিফ ও খালিদ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধু-স্বজনরা উপস্থিত ছিলেন।
বরের বাবা জাব্বার খালিদ শিল্প খাতের সঙ্গে যুক্ত এবং ময়দা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, কনের দাদা ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ সম্প্রতি সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন। নাতনির বিয়েতে উপস্থিত থাকার জন্য তিনি নির্ধারিত লন্ডন সফর পিছিয়ে দেন।
এর আগে মাহনূরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। অনুষ্ঠান শেষে বুধবার তিনি লাহোরে ফিরে আসেন।
মাহনূর সাফদার সাধারণত জনসমক্ষে খুব বেশি আসেন না। তার ব্যক্তিগত জীবন নিয়েও তেমন তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না।
এদিকে শরিফ পরিবারের পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিক সংবর্ধনা বা অন্যান্য আয়োজনের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
মাহনূরের ভাই জুনায়েদ সাফদার এর আগে সাবেক আইনপ্রণেতা শেখ রোহালে আসগরের নাতনি শানজেহ আলী রোহালের সঙ্গে বিয়ে করেন। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ওই বিয়েতে বেশ জমকালো আয়োজন ছিল।
জুনায়েদের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান কয়েক দিন ধরে চলে। এতে সবুজ থিমের মেহেদি অনুষ্ঠান, দিনের আলোয় বরযাত্রা এবং জাতি উমরা এস্টেটে খোলা আকাশের নিচে ওয়ালিমার আয়োজন করা হয়েছিল।