ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সহ সারাদেশে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি করা হবে এসব প্রচারপত্র। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা ফেলার জন্য বিন স্থাপনে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রিজভী জানান, বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষায় এটিও সরকারের নেওয়া উদ্যোগগুলোর একটি।
বিএনপির নিজস্ব কর্মসূচির বিষয়ে রিজভী বলেন, দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক একটি প্রচারপত্র তৈরি করা হবে। সেটি ঢাকা সহ সারাদেশে বিতরণ করবে বিএনপি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউট ও শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দল ও সরকারের নেওয়া ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচিগুলো মানুষের কাছে তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রিজভী বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যেখানে-সেখানে ময়লা জমে। এসব স্থানে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে দলীয়ভাবে এসব উদ্যোগ পর্যবেক্ষণ করা হবে।
সাংগঠনিক শূন্য পদে পদোন্নতির আলোচনা
বিএনপির বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কার বা অন্য কারণে যেসব পদ শূন্য হয়েছে, সেগুলো পূরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
রিজভী বলেন, শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট কমিটির ‘ইমিডিয়েট নিচে’ থাকা ব্যক্তিদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিবেচনা করা হবে। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচন ২৯ অক্টোবর
বৈঠকে বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনের নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।
তিনি বলেন, বিএনপির প্রার্থী হতে আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে এবং ওই সভায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
রিজভী আরও জানান, সাংগঠনিক শূন্য পদ পূরণের বিষয়ে আলোচনা হলেও দলের কাউন্সিল নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বিষয়টি মূলত জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে সৃষ্টি হওয়া শূন্য পদ পূরণকে ঘিরে।