শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোলায় মেঘনা নদীর তীর ধসে নিখোঁজের তিন দিন পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই ঘটনায় মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুরই মরদেহ উদ্ধার হলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চরে ভাসমান অবস্থায় আমজাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমজাদ ভোলা পৌরসভার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে। তিনি বিজিবির রোমায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, জেলে ও স্থানীয়রা চরে একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরিবারের সদস্যরা মরদেহটি আমজাদের বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’খ্যাত মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ পাঁচ বন্ধু নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ নদীর তীরের একটি অংশ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এতে পাঁচজনই খরস্রোতা মেঘনায় পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।

তিন বন্ধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করলেও নিখোঁজ দুজনের সন্ধান পাননি। পরে কোস্টগার্ড ও নৌপুলিশকে খবর দেওয়া হয়। ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হলেও তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি।

এরপর শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা-সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে স্থানীয় নৌপুলিশ। সর্বশেষ শনিবার আমজাদের মরদেহ উদ্ধার হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন