শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় দৈনিক সমকালের কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কার্যালয় থেকে তার হাতে লেখা পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এসব চিরকুটের বিষয়বস্তু যাচাইসহ পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সমকালের বরিশাল কার্যালয়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক পাঁচটি চিরকুট লিখে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রশাসনের উদ্দেশে লেখা চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন পুলক। সেখানে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার বিভিন্ন প্রচেষ্টার কথাও লিখেছেন তিনি। একই সঙ্গে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে অনুরোধও জানিয়েছেন।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিরকুটে ক্ষমা চাওয়ার পাশাপাশি মেয়ের পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। ছোট ভাই দীপককে স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ করেছেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা চিরকুটে তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের পাশে থাকার অনুরোধ করেছেন পুলক।

ছোট ভাই দীপক চ্যাটার্জি ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে স্ত্রী ও মেয়েকে আগলে রাখার পাশাপাশি ব্যাংক হিসাব এবং মুক্তিযুদ্ধের ভাতাসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিরকুটে একসঙ্গে দীর্ঘদিন কাজ করার স্মৃতির কথা উল্লেখ করেন পুলক। কোনো কারণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে সমকালে তার পাওনা টাকা আদায়ের বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

পুলিশ জানায়, শুক্রবার কোনো এক সময় পুলক চ্যাটার্জি সমকাল কার্যালয়ে আসেন। সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে বাইরে থেকে তালা খোলা দেখতে পান। তবে দরজা ভেতর থেকে আটকানো ছিল। বিষয়টি তিনি পাশের অফিসের সহকর্মী ও বাড়ির মালিককে জানান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতর থেকে পুলকের মরদেহ উদ্ধার করে।

সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরী বলেন, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে অফিসে এসে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় অফিসে এসে ভেতর থেকে কার্যালয়টি তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকালে পুলককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গেছে, দৈনিক সমকাল প্রতিষ্ঠার সময় থেকেই পুলক চ্যাটার্জি বরিশালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে সমকাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

চাকরি না থাকলেও সুমন চৌধুরী তাকে সম্মান দেখিয়ে সমকাল কার্যালয়ের একটি চাবি দিয়েছিলেন। আগের মতোই যখন ইচ্ছা অফিসে এসে বসতে পারবেন বলে তাকে জানানো হয়েছিল। এরপর থেকে মাঝে মধ্যে তিনি কার্যালয়ে এসে সময় কাটাতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি পাওয়া চিরকুটগুলো যাচাই করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন। এ ছাড়া বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন