শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে সান্ত্বনা দিতেন এবং তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। তবে তার দাবি, গুমের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি শেখ হাসিনা জানতেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে শেখ হাসিনা নিজেকে বিশ্বের সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তখন জনগণ বিষয়গুলো বুঝতে পারেনি, তবে এখন অনেক কিছুই তাদের কাছে পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো জনগণের সামনে এসেছে। তার দাবি, শেখ হাসিনা গুমের নির্দেশ দিতেন। একই সঙ্গে তিনি একজন ব্যারিস্টারকে আট বছর ‘আয়না ঘরে’ বন্দি করে রাখার অভিযোগও করেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন বলেও জানান তিনি।

বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। এ ছাড়া তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার বলেন, বিগত সরকারের স্থানীয় সংসদ সদস্য একজন ‘শীর্ষ সন্ত্রাসী ও খুনি’ ছিলেন। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের বাড়িতে হামলা, রামদা দিয়ে কুপিয়ে আহত করা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন