শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাগেরহাটের মোংলায় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীর নির্দেশে শনিবার এ অভিযান চালানো হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারে মেসার্স শোভা স্টোরের মালিক মো. সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালান কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় গোডাউনে মজুত করা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অপরিশোধিত এই তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন সবুর তালুকদার ও তার লোকজন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে মজুত করা ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দ করা তেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সবুর তালুকদার এর আগেও একবার র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। সে সময়ও তার কাছ থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন