হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে শুধু ঢাকাতেই মারা গেছেন পাঁচজন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২১, বরিশালে ৬০, রাজশাহীতে ৫৫, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ এবং রংপুরে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪৬৫ জন।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২০ হাজার ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগও রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও হাসপাতালভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।