জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই আওয়ামী লীগ এই মিছিল করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে।
তিনি বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
এর আগে রাশেদ খান ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।