ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৬২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়।
এ সময় ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলভর্তি অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, তাদের বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।
ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।