নয়াদিল্লিতে শুরু ১৮তম ব্রিকস সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের অধীনে এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’।
বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। এতে বৈশ্বিক শাসনব্যবস্থা, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অংশ নিচ্ছেন।
এ ছাড়া ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা এবং সৌদি আরবের পক্ষে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
‘ইনক্লুসিভ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড স্ট্রেন্থেনিং মাল্টিল্যাটারালিজম’ শীর্ষক অধিবেশনের মধ্য দিয়ে আজ সম্মেলনের কার্যক্রম শুরু হবে। পরে নেতারা ভারত মণ্ডপমে ‘ভারত ইনোভেটস’ প্রদর্শনী পরিদর্শন করবেন। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে যৌথ বৃক্ষরোপণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজ।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস বর্তমানে গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। এবারের সম্মেলনেও বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
সূত্র: এএফপি