শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম

ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্যদের ট্যাগ করা পোস্ট নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধার ফলে বন্ধু বা পরিচিত কেউ কোনো পোস্টে ট্যাগ করলে সেটি পুনরায় পোস্ট না করেই নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানো যাবে।

ইনস্টাগ্রামের তথ্যমতে, ডিরেক্ট মেসেজের নোটিফিকেশন থেকেই ট্যাগ করা পোস্ট সরাসরি প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে। এ ছাড়া ট্যাগ করা পোস্ট খুলে অথবা প্রোফাইলের ‘ট্যাগড’ অপশন থেকেও পোস্টটি মূল গ্রিডে প্রদর্শন করা যাবে।

পরে কোনো ট্যাগ করা পোস্ট প্রোফাইলে রাখতে না চাইলে সেটি গ্রিড থেকে সরিয়ে দেওয়া যাবে। তবে এতে মূল পোস্টটি মুছে যাবে না। অর্থাৎ গ্রিড থেকে সরিয়ে দিলেও পোস্টটি যেখান থেকে প্রকাশ করা হয়েছিল, সেখানেই থাকবে এবং নতুন কোনো কপিও তৈরি হবে না।

নতুন সুবিধাটি বন্ধুদের সঙ্গে তোলা ছবি দ্রুত শেয়ার করার ক্ষেত্রে কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে। এত দিন কোনো অনুষ্ঠানের ছবি অন্য কেউ প্রকাশ করলে সেটি নিজের প্রোফাইলে দেখাতে পুনরায় পোস্ট করতে হতো। এখন একই ছবি নতুন করে প্রকাশ না করেই নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানো যাবে।

কনটেন্ট নির্মাতাদের জন্যও সুবিধাটি কার্যকর হতে পারে। কোনো নির্মাতা অন্য নির্মাতাকে ট্যাগ করে পোস্ট প্রকাশ করলে ট্যাগ করা ব্যক্তি সেটি নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শন করতে পারবেন। একই পোস্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলেও তাঁরা চাইলে পোস্টটি নিজেদের প্রোফাইলে দেখাতে পারবেন। ফলে প্রচারণামূলক পোস্ট একাধিক নির্মাতার প্রোফাইলে সহজে প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজের মতো করে সাজানোর সুযোগ দিতে সম্প্রতি ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধাও চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যায়। এ ছাড়া দ্রুত কনটেন্ট তৈরির সুযোগ দিতে ‘ফার্স্ট ড্রাফট’ টুলও চালু করেছে প্ল্যাটফর্মটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন