মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

আবুল কালাম আযাদের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট আপিল শুনানির জন্য ১৭ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ। তবে সোমবারের শুনানিতে নতুন করে ৩১ আগস্ট দিন ধার্য করা হয়।

আবুল কালাম আযাদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে বিলম্ব মার্জনার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করেছেন তিনি।

আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন)। পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রথম রায় ছিল এটি।

মামলার অভিযোগ অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এর আগে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি পরিচিতি পান।

দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে তার সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি।

আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল তার আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন। এখন আপিল বিভাগে নির্ধারিত শুনানিতে বিলম্ব মার্জনার আবেদন ও আপিল গ্রহণের বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন