সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রিয়াদ ও ইমরুলকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন সাব্বির

রিয়াদ ও ইমরুলকে নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন সাব্বির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে খেলছেন সাব্বির রহমান। জাতীয় দলে ফেরার পর প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এই সফরে সাব্বিরের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নতুন ভূমিকায় পাওয়া। এবার ক্রিকেটার হিসেবে নয়, এইচপি দলের মেন্টর হিসেবে দলের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। তার কাছ থেকে পাওয়া পরামর্শ ও দিকনির্দেশনার প্রশংসা করেছেন সাব্বির।

ডারউইনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহমুদউল্লাহর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সাব্বির বলেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় ফ্যান্টাস্টিক। তিনি যেভাবে আমাদের পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে একজন সহকর্মীই আমাকে বুঝিয়ে বলছেন। তার সঙ্গে ৭-৮ বছর খেলেছি। তাই খুব স্বচ্ছন্দে কথা বলতে পারছি। সত্যিই দারুণ কাজ হচ্ছে।’

এদিকে এইচপি দলের কোচিং স্টাফেও এবার সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের যুক্ত করা হয়েছে। টপ এন্ড সিরিজে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় দলের ব্যাটার ইমরুল কায়েস।

দেশের সাবেক ক্রিকেটারদের কোচিংয়ের সঙ্গে যুক্ত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাব্বির। তার মতে, দীর্ঘদিন জাতীয় দলে খেলা দেশি কোচরা ক্রিকেটারদের মানসিকতা ও প্রয়োজন ভালোভাবে বুঝতে পারেন।

দেশি কোচদের সুযোগ দেওয়ার বিষয়ে সাব্বির বলেন, ‘অবশ্যই এটা বড় অর্জন হবে। দেশি কোচরা খেলোয়াড়দের ভালোভাবে চেনেন। যারা আসছেন, তারা ১০-১২ কিংবা ১৫ বছর জাতীয় দলে খেলেছেন। এটা খুব ভালো উদ্যোগ। তামিম ভাইও বিষয়টি খুব ভালোভাবে নিচ্ছেন। খেলোয়াড়দের জন্য এটি অবশ্যই ভালো ব্যাপার।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে এইচপি দলের হয়ে খেলার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ কাজে লাগিয়ে নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে চান সাব্বির।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন