ক্যানসারের চিকিৎসার পর কণ্ঠে ফিরছে ইবরার টিপুর গান

প্রায় দুই বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই শিল্পী জানিয়েছেন, আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। দীর্ঘ বিরতির পর আবারও গান গেয়ে নিজের কণ্ঠ ফিরে পাওয়ার আনন্দও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা যায় ইবরার টিপুকে। দীর্ঘদিন পর কণ্ঠে গান তুলে আবেগঘন হয়ে পড়েন তিনি। গান শেষে জানান, দ্বিতীয় অস্ত্রোপচারের পর প্রায় হারিয়ে যাওয়া কণ্ঠ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
ইবরার টিপু বলেন, ‘প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল। কথা বলতেও পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধেই আবার গান গাইলাম। আশা করছি, সামনে আবার নিয়মিত গাইতে পারব।’
২০২৫ সালের শুরুতে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনি ক্যানসার শনাক্ত হয়। একই বছরের মার্চে চিকিৎসা শুরু হয়। এরপর তাকে দুই দফা বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। দ্বিতীয় অস্ত্রোপচারের পর কথা বলার ক্ষেত্রেও জটিলতা দেখা দেয়। ফলে গান থেকে পুরোপুরি দূরে থাকতে হয় তাকে।
দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রভাব পড়ে তার শারীরিক গঠনেও। উল্লেখযোগ্যভাবে ওজন কমে যায় এই শিল্পীর। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে তার স্ত্রী বিন্দু কণা সামাজিক যোগাযোগমাধ্যমে ইবরার টিপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।
বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ইবরার টিপু বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটি সার্জারি হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
চিকিৎসার কারণে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর এবার দেশে ফেরার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি। দেশের মাটি, পরিবার, বন্ধু এবং সংগীতাঙ্গনের সহকর্মীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন এই শিল্পী।
ইবরার টিপু বলেন, ‘আমি দেশে আসতে চাই। পরিবার, বন্ধু-বান্ধব, মিউজিশিয়ান ও শিল্পীদের সঙ্গে দেখা করব। অনেক দিন ধরেই এমন ইচ্ছা। সুস্থ হলেই দেশে আসব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’
দীর্ঘ অসুস্থতার পর আবার গান গাওয়ার সুযোগ পাওয়া ইবরার টিপুর জন্য যেমন আনন্দের, তেমনি তার ভক্তদের কাছেও এটি স্বস্তির খবর। সুস্থ হয়ে শিগগিরই সংগীতে পুরোপুরি ফিরতে পারবেন—এমন প্রত্যাশাই এখন তার শ্রোতা-অনুরাগীদের।