জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দিনটি ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, যেখানে জনসমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
তিনি জানান, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেটিং ও চেকপোস্ট কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজরদারি থাকবে।
ডিএমপি জানায়, ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও কৌশলগত স্থানে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভসহ সব গুরুত্বপূর্ণ ভেন্যুকে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সিটিএসবি ও আইএডি ইউনিটের গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে।
ডিএমপি আরও জানায়, নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য, র্যাব ও সিআইডি যৌথভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে। নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি দায়িত্ব পালন করবেন।