জবি-ঢাকা কলেজসহ ঢাকার কয়েক স্থানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নেছারুদ্দীন রাব্বি জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করার সময় একদল লোক এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রশিবিরের কর্মী বলে তিনি দাবি করেন।
তিনি জানান, তিনি একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বর্তমানে উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কয়েকজন হাসপাতাল ছেড়ে যান।
ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আহত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।