অতিবর্ষণে বন্যার শঙ্কা, বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ চায় জামায়াত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষিজমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
তিনি জানান, বন্যার পানিতে অনেক সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এমনকি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতেও পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো যথাসময়ে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও প্রস্তুতির ঘাটতির কারণেই আজ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অবিলম্বে দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসা সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোকে টেকসইভাবে উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
সবশেষে তিনি দেশবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিত্তবানদের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গতদের সার্বিক মঙ্গল কামনা করেন।