বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বহনকারী গাড়িতে একটি মিনিবাসের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সংঘটিত এই দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রতিমন্ত্রীসহ গাড়িতে থাকা অন্য সবাই অক্ষত রয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বনানী থানার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত প্রায় ৯টা ৫০ মিনিটের দিকে বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং লেনে চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির পেছনে জোরালো ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনানী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসচালক ওমর ফারুককে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চালকের বয়স প্রায় ২৫ বছর।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত একজন সদস্য বাদী হয়ে বনানী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চালককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন