উৎসবের আমেজে সিলেট, ২ মে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী ২ মে নির্ধারিত সফরকে সামনে রেখে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা—সবাই এই সফরকে সফল করতে ব্যস্ত সময় পার করছেন। সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।
সফর উপলক্ষে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষ করে মূল অনুষ্ঠানস্থল জেলা স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন করে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানিয়েছেন, সিলেটবাসী সবসময়ই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে থাকে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মানুষের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যে সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি নতুন মাত্রা পাবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে বক্তব্য প্রদান এবং স্থানীয় প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
এ সময় সিলেটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সকলেই এই সফরের সফলতা কামনা করেছেন এবং সিলেটের উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।