আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, চুক্তিরও ইঙ্গিত ট্রাম্পের

ইরানে রোববার নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে চুক্তিতে রাজি হলে হামলা এড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে তাঁরা বিবেচনা করছেন এবং তা রোববারও শুরু হতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে একটি ‘বড় চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। এর মধ্যে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক সমঝোতা—দুই সম্ভাবনাই সামনে এসেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (রোববার) হতে পারে।”
তবে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তি করতে রাজি হলে নতুন হামলা থেকে রেহাই পেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, “ইরানিরা চুক্তি চায়। কিন্তু সমস্যা হলো, তারা চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না?”
ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রধান কারণ হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, তাঁর লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, চলতি বছর আবার হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট নাও হতে পারত।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুদ্ধের আগের মতোই এ প্রণালি দিয়ে তেল সরবরাহ হচ্ছে। তবে বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার কাজটি হয়তো সম্পন্ন করতে হবে। আর নয়তো তারা হয়তো চুক্তি করবে। কিন্তু আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি—যেভাবেই হোক, আমরা জিতব।”
ট্রাম্পের বক্তব্যে ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা যেমন উঠে এসেছে, তেমনি চুক্তির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পথও খোলা রাখা হয়েছে। তবে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা সম্ভাব্য চুক্তির কোনো বিস্তারিত শর্ত তিনি জানাননি।