রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ধনী পরিবারের শিশুদের রক্তে সিসা বেশি, ঝুঁকিতে বিকাশ সুখ-দুঃখ ও প্রাচুর্য-অভাব নিয়ে সুরা ফাজরের গুরুত্বপূর্ণ শিক্ষা সংবিধান সংস্কারের নামে সরকার বেআইনি পথে হাঁটছে: গোলাম পরওয়ার ব্যথা ছাড়াই হতে পারে স্তন ক্যান্সার, যে ৫ লক্ষণ অবহেলা করবেন না হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক, পিছিয়েছে ৯ হাজার কোটি টাকার প্রকল্প আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, চুক্তিরও ইঙ্গিত ট্রাম্পের ৩ কোটি রুপির কম বাজেটে সিনেমা, ২৯ দিনে আয় ১১৪ কোটি বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট রাজধানীতে পুলিশের অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৯ হাজারের বেশি ইয়াবা
  • ৩ কোটি রুপির কম বাজেটে সিনেমা, ২৯ দিনে আয় ১১৪ কোটি

    ৩ কোটি রুপির কম বাজেটে সিনেমা, ২৯ দিনে আয় ১১৪ কোটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তির প্রথম দিনে আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে প্রদর্শনীও ছিল মাত্র ৬০টি। এমন হতাশাজনক শুরু দেখে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে বড় কোনো প্রত্যাশা ছিল না। অথচ দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ছবির গল্প। ধীরে ধীরে বাড়তে থাকে প্রদর্শনী, আর বক্স অফিসে তৈরি হয় অভাবনীয় সাফল্যের গল্প।

    স্বল্প বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ এখন ভারতের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রে। পরিচালক মনোজ কুমারের নির্মিত ছবিটির বাজেট ছিল তিন কোটি রুপিরও কম। মুক্তির ২৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১১৪ কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে কন্নড় সংবাদমাধ্যম নিউজ কর্ণাটক।

    প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ দিকে সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রেমাদা ওরালি’। প্রথম দিনে আয় আশানুরূপ না হলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্রুত বদলে যেতে থাকে ছবিটির পরিস্থিতি।

    পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে ভারতের বক্স অফিসে সিনেমাটি আয় করে ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে। তৃতীয় সপ্তাহে ছবিটির আয় হয় ৩৯ কোটি রুপি।

    চতুর্থ সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখে সিনেমাটি। মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে ছবিটির আয় হয়েছে ৩০ কোটি ৫০ লাখ রুপি। এ সময়ে দৈনিক গড় আয় ছিল প্রায় ৩ কোটি ৮১ লাখ রুপি। তবে মুক্তির ২৯তম দিনে আয় কমে আনুমানিক ২ কোটি রুপিতে নেমে আসে।

    প্রচারের সামর্থ্য ছিল না, দর্শকের কাছে পৌঁছাল যেভাবে

    ‘প্রেমাদা ওরালি’র সাফল্যের পেছনের গল্পও বেশ চমকপ্রদ। সিনেমাটি নির্মাণের সময় আর্থিক সংকটে পড়েছিলেন পরিচালক মনোজ কুমার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কাজ শেষ করতে নিজের মূল্যবান জিনিসপত্র বন্ধক দেওয়ার কথাও ভাবতে হয়েছিল তাঁকে।

    বড় বাজেটের সিনেমার মতো প্রচারের আয়োজন করার সামর্থ্য ছিল না নির্মাতাদের। তাই দর্শকের কাছে পৌঁছাতে তাঁরা বেছে নেন ভিন্ন কৌশল। ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা নিজেরাই রাস্তায় নেমে প্রচারপত্র ও আমন্ত্রণপত্র বিলি করেন। গণপরিবহনের বাসে বাসেও যাত্রীদের সঙ্গে কথা বলে সিনেমাটি দেখার আহ্বান জানান তাঁরা।

    এরপর দর্শকদের মুখে মুখে ছবির খবর ছড়িয়ে পড়তে শুরু করে। বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যা, সঙ্গে বাড়ে আয়ও। সীমিত প্রচার ও স্বল্প বাজেটের মধ্যেও দর্শকের ইতিবাচক সাড়া যে একটি সিনেমার ভাগ্য বদলে দিতে পারে, ‘প্রেমাদা ওরালি’ তারই উদাহরণ হয়ে উঠেছে।

    গ্রামীণ জীবনের গল্প, সম্পর্কের টানাপোড়েন

    ‘প্রেমাদা ওরালি’র গল্প আবর্তিত হয়েছে কৃষক নাগান্না ও তাঁর ছেলে শান্তুকে ঘিরে। স্ত্রীকে হারানোর পর একাই ছেলেকে বড় করেন নাগান্না। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা চান, শিক্ষিত একটি মেয়ের সঙ্গে শান্তুর বিয়ে হোক। অন্যদিকে শান্তুর প্রতি দুর্বলতা রয়েছে তার আত্মীয় বসন্তার।

    বাবার পছন্দে রুক্মিণীকে বিয়ে করার পর শান্তুর দাম্পত্য জীবনে দেখা দেয় নানা জটিলতা। গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে প্রেম, পারিবারিক সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন ও নারীর অনুভূতি নিয়ে এগিয়েছে মনোজ কুমার পরিচালিত সিনেমাটির গল্প।

    ছবিটির সাফল্য নজর কেড়েছে কন্নড় চলচ্চিত্রশিল্পের পরিচিত মুখদেরও। ‘কেজিএফ’ তারকা যশ এবং ‘কান্তারা’র অভিনেতা-পরিচালক ঋষভ শেঠি গল্পনির্ভর সিনেমার পাশে দাঁড়ানোর জন্য দর্শকদের প্রশংসা করেছেন।

    এদিকে কর্ণাটকে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নেওয়ার দৌড়েও রয়েছে ‘প্রেমাদা ওরালি’। নিউজ কর্ণাটকের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটির বক্স অফিসে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আয় ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির। তবে চূড়ান্ত অবস্থান নির্ভর করবে যাচাই করা বক্স অফিসের হিসাব ও অন্যান্য সিনেমার আয়ের ওপর।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী প্রায় ১১৪ কোটি রুপি আয়ের হিসাবটি সিনেমাটির মোট বক্স অফিস সংগ্রহ। এটি নির্মাতাদের হাতে থাকা মুনাফা নয়। প্রেক্ষাগৃহের অংশ, পরিবেশনা খরচসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর নির্মাতাদের প্রকৃত আয় এর চেয়ে কম হবে।

    সীমিত প্রদর্শনী, স্বল্প বাজেট ও প্রচারের নানা বাধা পেরিয়ে ‘প্রেমাদা ওরালি’র এই সাফল্য আবারও দেখিয়েছে, দর্শকের সঙ্গে গল্পের সংযোগ তৈরি হলে ছোট বাজেটের সিনেমাও বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।

    সিনেমাটিতে নাগান্না চরিত্রে অভিনয় করেছেন রঙ্গায়না রঘু, শান্তু চরিত্রে শ্রী রাম, রুক্মিণী চরিত্রে তাপস্বিনী পুনাচ্চা এবং বসন্তা চরিত্রে রামিকা শিবু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন