পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর কথা বলার সুযোগ পেয়েছেন তার ছেলে কিম আরিস। দীর্ঘ বিরতির পর মায়ের কণ্ঠ শুনতে পাওয়াকে আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুক্তরাজ্যে বসবাসরত কিম আরিস।
পোস্টে তিনি লেখেন, “আজ পাঁচ বছরেরও বেশি সময় পর আমি অবশেষে আমার মা অং সান সু চির সঙ্গে কথা বলতে পেরেছি। আবার তার কণ্ঠস্বর শুনতে পাওয়াটা কতটা অর্থবহ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
মায়ের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ করতে না পারার পর এই কথোপকথনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কিম আরিস তার মা ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, যারা তার মা ও তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সমর্থন ও সোচ্চার ভূমিকার কারণেই এই মুহূর্তটি সম্ভব হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
তবে দীর্ঘদিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারলেও তার বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম আরিস। তার মা অং সান সু চির বয়স এখন ৮১ বছর এবং তিনি এখনও বন্দি রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন কিম।
মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর সু চিকে আটক করা হয়। এরপর থেকে তিনি বন্দিজীবন কাটাচ্ছেন। মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন তিনি।
পাঁচ বছরেরও বেশি সময় পর মা-ছেলের মধ্যে কীভাবে এই কথোপকথন সম্ভব হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।