আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য সাধারণ মানুষ যাতে নির্বাচনে প্রার্থী হতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের পদ্ধতি নির্ধারণ করতে হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। তার অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। ভোলার গ্যাসের মজুত দেশের বর্তমান গ্যাসের মজুতের সমপরিমাণ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। জেলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে জেলাবাসী এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।