আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে। অতীতের মতো এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ অপপ্রচার চালাত এবং এখন তাদের সঙ্গে আরেকটি ‘গুপ্ত দল’ যুক্ত হয়েছে। দুই পক্ষের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে বলে দাবি করে রিজভী বলেন, ওই দলটি নিজেরাই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিল। তাঁর ভাষ্য, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ একই রকম।
বিএনপির বিরুদ্ধে অতীতে চালানো বিভিন্ন অপপ্রচারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একসময় বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হতো। বলা হতো, বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব লিফলেটে ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসাসেবা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।
দারিদ্র্য ৫ শতাংশ কমার দাবি
সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকারের ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে। এটিকে তারেক রহমানের সরকারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।