বিশ্বের সবচেয়ে অতিথিপরায়ণ শহর সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে লন্ডন

পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে স্বাগতপূর্ণ শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। নতুন এক বৈশ্বিক জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, যা ইউরোপের মধ্যে সবচেয়ে ভ্রমণবান্ধব শহর হিসেবে নির্বাচিত হয়েছে।
ই-সিম সেবাদাতা প্রতিষ্ঠান হোলাফ্লাই পরিচালিত এই জরিপে বিশ্বের ২০০টি শহর মূল্যায়ন করা হয়। নিরাপত্তা, ভিসা নীতির সহজলভ্যতা, পর্যটন ও তথ্যসেবার মান এবং স্থানীয়দের ইংরেজি ভাষাজ্ঞানের ভিত্তিতে শহরগুলোর র্যাংকিং করা হয়েছে।
জরিপে দেখা গেছে, নিরাপদ পরিবেশ, সহজ ভিসা প্রক্রিয়া এবং উন্নত পর্যটনসেবা থাকায় সিঙ্গাপুর তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ইউরোপের শহরগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে লন্ডন, যা বিশ্ব তালিকায় দ্বিতীয়।
ইউরোপের উল্লেখযোগ্য ভ্রমণবান্ধব শহরের তালিকায় আরও রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন ও আরহুস, নেদারল্যান্ডসের দ্য হেগ, উট্রেখট ও আমস্টারডাম, যুক্তরাজ্যের এডিনবরা এবং চেকিয়ার প্রাগ ও ব্রনো।
বিশ্বের সবচেয়ে স্বাগতপূর্ণ ২০টি শহরের তালিকায় ইউরোপের মোট ৯টি শহর স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে স্বাগতপূর্ণ ১০ শহর
১. সিঙ্গাপুর
২. লন্ডন (যুক্তরাজ্য)
৩. সিডনি (অস্ট্রেলিয়া)
৪. নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
৫. বোস্টন (যুক্তরাষ্ট্র)
৬. পেনাং দ্বীপ (মালয়েশিয়া)
৭. দ্য হেগ (নেদারল্যান্ডস)
৮. হংকং
৯. কোপেনহেগেন (ডেনমার্ক)
১০. আরহুস (ডেনমার্ক)
সূত্র: ইউরোনিউজ