হামে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েছে ৯০২ জন

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০ জন।
এ ছাড়া একই সময়ে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬২৮ জন।