বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

টক-শোর বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন নিলোফার চৌধুরী মনি

টক-শোর বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন নিলোফার চৌধুরী মনি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে টেলিভিশন টক-শোতে দেওয়া বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে তিনি কখনোই ‘ডিজাইন করা আন্দোলন’ বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেননি। তার দাবি, টক-শোতে দেওয়া বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

নিলোফার মনি বলেন, তিনি শুরু থেকেই জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন টক-শোতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আন্দোলনের পক্ষে কথা বলেছেন। ‘ডিজাইন’ শব্দটি ব্যবহার করে তিনি আন্দোলনকারীদের ওপর পরিচালিত পরিকল্পিত হামলা ও হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করেছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, আন্দোলন দমনে যেভাবে স্নাইপারের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তরুণদের হত্যা করা হয়েছিল, সেটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সেই পরিকল্পনাকেই তিনি ‘ডিজাইন’ হিসেবে উল্লেখ করেছিলেন, আন্দোলনকে নয়।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘ডিজাইন অবশ্যই ছিল, তবে এটি ষড়যন্ত্র ছিল কি না, তা আমি জানি না।’ ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিলোফার মনির বক্তব্যের সমালোচনা করেন। তিনি লেখেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এমন মন্তব্যে ছাত্রদল মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে তিনি নিলোফার মনিকে ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

বিতর্কের জবাবে নিলোফার মনি পুনরায় বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী কোনো মন্তব্য করেননি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন