বিকেল ৩টায় শুরু ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকার আশপাশে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এবারের অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।
চিফ হুইপ জানান, তৃতীয় অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে সংসদের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনায় এর মেয়াদ বাড়ানো হতে পারে।