১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে প্রধানমন্ত্রী, থাকবেন ডা. জুবাইদা রহমানও

আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর ঢাকা মেডিকেলের সার্বিক চিকিৎসাসেবার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের অবকাঠামো ও সেবার মান আরও উন্নত হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আগাম প্রস্তুতি নিয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের জন্য এনএস১ (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে। রাজধানীসহ দেশের বড় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং রোগীর চাপ বাড়লে চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।
ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি আরও জানান, দেশে ভ্যাকসিন, রিএজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজনে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে মোবাইল হাসপাতাল চালুর মাধ্যমেও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয়ে আরও নির্ভুলতা আনতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ যুক্ত করা হয়েছে, যা রোগ নির্ণয়ে চিকিৎসকদের সক্ষমতা আরও বাড়াবে।