খামেনির শেষ বিদায়ে যোগ দিতে তেহরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ইরানের উদ্দেশে যাত্রা করেন।
সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে রওনা হন স্পিকার। সরকারি কর্মসূচি শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন।
জানা গেছে, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফেও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।