ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেলেন অর্থনীতিবিদ আবুল বারকাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন ড. আবুল বারকাতের পক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিন আবেদন করেন। তিনি যেকোনো শর্তে জামিন চেয়ে আদালতের কাছে আবেদন জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করে। পরে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আপিল বিভাগ থেকে জামিন লাভ করেন তিনি। তবে কারামুক্তির আগে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে একই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে। অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় ড. আবুল বারকাতের মুক্তিতে বর্তমানে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।