কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী? জানালেন নিজেই

সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই চলছে দলীয় সমর্থন নিয়ে আলোচনা ও বিতর্ক। এর মধ্যেই উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দল নিয়ে কৌতূহল।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে স্বাভাবিকভাবেই আলোচনায় আসে বিশ্বকাপ ফুটবল।
সভায় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি বিশ্বকাপে কোন দলের সমর্থক। জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম না নিয়ে হাসিমুখে বলেন, তিনি একটি দেশে দীর্ঘ সময় ছিলেন এবং সেই সূত্র ধরেই বিষয়টি অনুমান করা যেতে পারে।
তার এই মন্তব্য ঘিরে উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে শুরু হয় আলোচনা ও ব্যাখ্যা। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কারণে তার সমর্থন ইংল্যান্ডের দিকেই ইঙ্গিত করে।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পার করে ২০২৫ সালের শেষ দিকে দেশে ফেরেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের কারণে তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও জনমনে আগ্রহ রয়েছে।
তবে তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি।