বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ন্যূনতম করমুক্ত আয় ৫ লাখ টাকা করার সুপারিশ

ন্যূনতম করমুক্ত আয় ৫ লাখ টাকা করার সুপারিশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ব্যক্তিগত করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ, রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন এবং বাণিজ্যিক আমদানিতে আগাম কর ৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া কাস্টমস রিফান্ড ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। আলোচনার শুরুতে ডিসিসিআইয়ের কাস্টমস ভ্যাট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এম বি এম লুৎফুল হাদি বলেন, করজাল সম্প্রসারণ, রাজস্ব আদায় সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে মনে করছে সংগঠনটি।

অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তির জন্য আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে মোট ৫৪টি প্রস্তাবনা এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দেয় ডিসিসিআই। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, পরিচালক এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিসিসিআইয়ের প্রতিনিধিরা কেন্দ্রীয় এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে সরকারি সংস্থাগুলোর তথ্য সমন্বয়, সুদের ওপর উৎসে কর কমানো, সারচার্জ ধাপে ধাপে প্রত্যাহার এবং ভ্যাট রিফান্ডের সীমা বাতিলের মতো সংস্কার প্রস্তাবও তুলে ধরেন।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আসন্ন বাজেটে নন-ট্যারিফ বাধা দূর করার ওপর জোর দেওয়া হবে, যাতে ব্যবসার খরচ কমে এবং অর্থনীতিতে গতি আসে। তিনি কর ফাঁকিদারদের করের আওতায় আনার পাশাপাশি কমপ্লায়েন্ট করদাতাদের ওপর চাপ কমানোর প্রতিশ্রুতি দেন।

তিনি আরও জানান, ভ্যাটের আওতা সম্প্রসারণ এবং কর ব্যবস্থার ডিজিটালাইজেশন সরকারের অগ্রাধিকার। আগামী বছর থেকে করপোরেট কর রিটার্ন অনলাইনে জমা এবং ভ্যাট রিফান্ড সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় আনার কাজ চলমান রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন