বিকেলের আড্ডায় জিভে জল আনা ‘পুর ভরা মরিচ’

বাঙালির বিকেলের নাস্তা—চপ-বেগুনি বা পিঁয়াজুর ভিড়ে আলাদা করে নজর কাড়ে বড় সাইজের পুর ভরা মরিচ। অনেকে একে 'মির্চি বড়া' বা 'চিলি ফ্রাই' হিসেবেও চেনেন। তবে সাধারণ মরিচের বড়ার চেয়ে এর বিশেষত্ব হলো এর ভেতরের মুরগির মাংস ও আলুর সুস্বাদু পুর। বাইরের মুচমুচে আবরণ আর ভেতরের নরম ও রসালো পুরের স্বাদ নিতে আজই ট্রাই করতে পারেন এই রেসিপিটি।
উপকরণ
-
মূল উপকরণ: ১০-১২টি বড় সাইজের মরিচ।
-
পুরের জন্য: ১/২ কাপ সিদ্ধ আলু, ১/২ কাপ সিদ্ধ মুরগির মাংস (ব্লেন্ড করা), ১/৪ কাপ পেঁয়াজ কুচি এবং ২ টেবিল চামচ ধনেপাতা কুচি।
-
সস ও মশলা: ১ চা চামচ চিকেন পাউডার, ১ চা চামচ সয়াসস, ১ টেবিল চামচ টমেটো সস এবং স্বাদমতো লবণ।
-
ভাজার জন্য (গোলা): ১ কাপ বেসন, ১ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১/২ চা চামচ ধনে গুঁড়া এবং প্রয়োজনমতো পানি।
প্রস্তুত প্রণালি
ধাপ ১: মরিচ ও পুর প্রস্তুত করা প্রথমে বড় সাইজের মরিচগুলো ধুয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে একপাশ চিরে নিন। ভেতর থেকে সব বিচি বের করে নিন। এবার একটি পাত্রে সিদ্ধ আলু চটকে তার সাথে ব্লেন্ড করা মুরগির মাংস, পেঁয়াজ কুচি, ধনেপাতা, চিকেন পাউডার, সয়াবিন সস, টমেটো সস ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন। চাইলে স্বাদের জন্য সামান্য মরিচের বিচিও এতে মেশাতে পারেন।
ধাপ ২: পুর ভরা তৈরি করা আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে মরিচের ভেতরে ভালো করে চেপে চেপে পুর ভরে নিন। খেয়াল রাখবেন যাতে মরিচের মুখটি ভালো করে বন্ধ থাকে এবং ভাজার সময় পুর বের হয়ে না আসে।
ধাপ ৩: গোলা তৈরি একটি বাটিতে বেসন, ময়দা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যেন গোলার ঘনত্ব এমন হয় যে এটি মরিচের গায়ে সহজেই লেগে থাকে।
ধাপ ৪: ভাজা ও পরিবেশন কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিন। এবার পুর ভরা মরিচগুলো বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। আঁচ মাঝারি রাখবেন যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয় এবং বাইরের অংশ মুচমুচে হয়।
পরিবেশন টিপস
গরম গরম পুর ভরা মরিচ বিকেলের চায়ের সাথে অথবা টমেটো সস ও ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করুন।